বাউফলে মা ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় বাউফল পৌরসভার কলেজে রোড এলাকায় এ ঘটনা ঘটে। এর সঙ্গেথ জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল আকনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবুল কাশেম আকনের স্ত্রী হালিমা বেগম (৪৫) ও তার ছেলে রিয়াজ আকন (১৯)। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড বাউফল সরকারি ডিগ্রি কলেজ রোড এলাকার মৃত ওয়াহেদ আকনের পরিবারের সঙ্গে একই বাড়ির আবুল কাশেম আকনের পরিবারের দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের সূত্র ধরে গতকাল ওয়াহেদ আকনের ছেলে উজ্জ্বল আকন দুপুরে হালিমা বেগমকে উদ্দেশ্য করে গালমন্দ করতে থাকেন। বাগ্বিত-ার একপর্যায় উজ্জ্বল গাছ কাটার দা দিয়ে হালিমা ও রিয়াজকে এলোপাতাড়ি কোপান। আহত রিয়াজ বলেন, ‘আমি বাসাতেই ছিলাম। ডাক-চিৎকার শুনে বাইরে এসে দেখি উজ্জ্বল আমার মাকে কোপাচ্ছে।’
বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূল হোতা উজ্জ্বল আকনকে আটক করা হয়েছে।