কাপাসিয়ায় শ্বাসসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী জসিমউদ্দিন প্রধানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে গত শনিবার সুমাইয়াকে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে জসিম। এ বিষয়ে সুমাইয়ার মা ফাতেমা বেগম বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেছেন। জসিম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, শ্রীপুরের হায়াত খাঁর চালা গ্রামের জজ মিয়ার মেয়ে সুমাইয়ার (১৯) সঙ্গে প্রায় এক বছর আগে জসিমের বিয়ে হয়। গত শনিবার সুমাইয়ার মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলার সূত্র ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে জসিম স্ত্রী সুমাইয়া মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে বলে প্রচার করে তাকে খুঁজতে থাকে। বাড়ির লোকজনের সন্দেহ হলে রবিবার রাতে তারা জসিমকে চাপ প্রয়োগ করলে সে হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে তাদের সহায়তা চায়। এ সময় তারা জসিমের ঘরের খাটের নিচে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।