দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২২ সেরা রণবীর ও ‘শেরশাহ’ জুটি

গত রবিবার রাতে অনুষ্ঠিত হলো ভারতের সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অ্যাওয়ার্ড ২০২২’। প্রতি বছর বিনোদন জগতের বিভিন্ন বিভাগের কৃতী ব্যক্তিদের দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। কবির খান পরিচালিত ‘এইটিথ্রি’ ছবির জন্য রণবীর সিং সেরা অভিনেতার পুরস্কার পান। এই ছবিতে ভারতের ক্রিকেট বিশ^কাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর ‘মিমি’ ছবিতে বিয়ে না করেও মা হয়ে পড়া ও সেই সন্তানকে নিয়ে আবেগঘন জার্নি পার করে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন কৃতি শ্যানন। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডেও সাম্প্রতিক সময়ের আলোচিত ছবি ‘পুষ্পা : দ্য রাইজ’-এর দাপট অব্যাহত ছিল। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার এই ছবিটিকে ‘ফিল্ম অব দ্য ইয়ার’ সম্মানে সম্মানিত করা হয়েছে। চিত্রসমালোচকদের বিচারে সেরা অভিনেতা হিসেবে সম্মানিত করা হয় বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ মালহোত্রাকে। ‘শেরশাহ’ ছবিতে কার্গিল যুদ্ধে শহীদ বাত্রার ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। ‘শেরশাহ’র প্রেমিকার চরিত্রে সাবলীল অভিনয় করে ক্রিটিকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন কিয়ারা আদভানি। পুরস্কার অনুষ্ঠানে এই কথিত প্রেমিকযুগল সবার নজর কাড়েন। ‘তড়প’ ছবিতে অভিনয়ের জন্য নবাগত নায়কের পুরস্কার তুলে দেওয়া হয় সুনীল শেঠির ছেলে আহান শেঠির হাতে। ‘বেল বটম’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের জন্য লারা দত্তকে শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী পুরস্কারে সম্মানিত করা হয়। প্রত্যাশা অনুযায়ী ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার জয় করেছেন বলিউডের দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ি। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর জন্য এই পুরস্কার তিনি পেয়েছেন। আর ওয়েব সিরিজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাভিনা ট্যান্ডন। তাকে দীর্ঘ সময় পর নেটফ্লিক্সের ‘আরণ্যক’ সিরিজে আবার স্বমহিমায় দেখা গিয়েছিল। ক্রিটিকের বিচারে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ‘সরদার উধম’। ছায়াছবির দুনিয়ায় অসামান্য অবদানের জন্য প্রবীণ অভিনেত্রী আশা পারেখকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। তারায় তারায় এই রাত ছিল জমজমাট।