মৃত্যু-শনাক্ত কমেছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৯ জন। এ নিয়ে মৃত্যু হলো ২৮ হাজার ৯৭৪। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫১ জনের সংক্রমণ ধরা পড়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৯৭টি। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩৫

হাজার ২৪২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৮ হাজার ৬৭৪ জন। এ নিয়ে সুস্থ হলো ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন।

এতে আরও বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে ২ লাখ ১৩ হাজার ৭৬৯ জনের নমুনা পরীক্ষায় ২৩ হাজার ৬২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (৭-১৩ ফেব্রুয়ারি) ২ লাখ ৬৮ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ১০৯ জন। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ কমেছে ৫০ দশমিক ৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত এক সপ্তাহে করোনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ২৩০। সপ্তাহের ব্যবধানে মৃত্যু কমেছে ৩৬ দশমিক ৫ শতাংশ।

দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সেই বছর মৃত্যু হয়েছিল ৬৪ জনের।