ইউক্রেন পরিস্থিতির দিকে বাংলাদেশ নজর রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেছেন, ‘একইসঙ্গে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা চাই সংঘাত পরিহার করে কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান হোক। বিবদমান পক্ষগুলো সংলাপ ও আলোচনার মাধ্যমে তাদের মতদ্বৈধতা দূর করুক, এটাই বাংলাদেশ প্রত্যাশা করে।’
গতকাল সোমবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি দেখছে। বাংলাদেশিদের অনুরোধ সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। একই সঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার অনুরোধ করা হয়।