কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ নেতার মাথা ফাটালেন নেত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় এক ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির বিরুদ্ধে। গতকাল সোমবার একুশের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। এর আগেও এক ছাত্রলীগ নেত্রীকে মারধরের অভিযোগে নিশির বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তিনি এখন জামিনে আছেন।

জানা গেছে, মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম এহসানুল হক ইয়াসির। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। বর্তমানে তিনি সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের ‘শীর্ষ পদ’ প্রত্যাশী।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, একুশের প্রথম প্রহরে ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিতে গেলে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে ওই নেতার সামনে থাকা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি তাকে মারধর শুরু করেন।

এহসানুল হক ইয়াসির দেশ রূপান্তরকে বলেন, আমরা ফুল দিতে যাচ্ছিলাম এমন সময় নিশি আমার ওপর হামলা করে। তার আঘাতে আমার মাথা ফেটে গিয়েছে। তিনি বলেন, আমাকে কেন মারধর করা হলো আমি কিছুই বুঝতে পারিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে বেনজির হোসেন নিশি বলেন, শহীদ মিনারে এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমার নামে এটি মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০২০ সালের ২০ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফাল্গুনী দাস তন্বী নামে এক ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে বেনজির হোসেন নিশির বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে সেই মামলার। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আদালত এই ছাত্রলীগ নেত্রীসহ তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা মঞ্জুর হয়। সেই মামলা এখনো চলমান।