গীতিকবি ও জনপ্রিয় জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টায় রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র সন্তান অস্ট্রেলিয়াপ্রবাসী আহমেদ সাফি চৌধুরী প্রতীক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তার বাবা কিডনিজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হলে করোনা পজিটিভ ও নিউমোনিয়ায় আক্রান্ত হন। আজ বুধবার সকাল ৯টায় ধানমণ্ডির ত্বাকওয়া মসজিদে জানাজা হবে। এরপর শেষ ইচ্ছা অনুযায়ী আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান প্রতীক।
গীতিকার কাওসার আহমেদ চৌধুরী কালজয়ী অনেক গান রচনা করেছেন। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে আমায় ডেকো না/ফেরানো যাবে না, কবিতা পড়ার প্রহর এসেছে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, যেখানে সীমান্ত তোমার, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২, এলআরবির রুপালি গিটার ফেলে...ইত্যাদি।
কাওসার আহমেদ চৌধুরী ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা মোসাহেদ চৌধুরী। কাওসার আহমেদ চৌধুরী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। চারুকলায় পড়াশোনা করলেও সম্পন্ন করেননি। একাধিক তথ্যচিত্র নির্মাণ করেন তিনি। পেশাজীবনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করেছেন।
কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ। তিনি এ সংগঠনের আজীবন সদস্য ছিলেন।