পার্কে জেব্রার মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে মামলা করবে মন্ত্রণালয়

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১ জেব্রার মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনের মতামত অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর জানান, ঘাসে অতিরিক্ত নাইট্রেটের প্রভাব ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে জেব্রাগুলোর মৃত্যু হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রথম দিকে তিনটি জেব্রার মৃত্যু ধামাচাপা ও আঘাতজনিত কারণে হয়েছে তা প্রতিষ্ঠার জন্য পেট ধারালো কিছু দিয়ে কাটা হয়। নিয়ম থাকলেও মেডিকেল বোর্ডের সভা এমনকি জিডিও করেনি, যা রহস্যজনক। এ ছাড়া পার্কের প্রাণী মৃত্যুরোধ ও ব্যবস্থাপনা উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি যে ২৪টি সুপারিশ করেছে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

সভায় অন্যদের মধ্যে উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও তদন্ত কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশদূষণ নিয়ন্ত্রণ) কেয়া খান, উপসচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।