বিডার ওএসএসে আরও ৮ সেবা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে আরও চার প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, বিস্ফোরক পরিদপ্তর, মেঘনা ব্যাংক ও ওয়ান ব্যাংক। এখন থেকে বিডার ওএসএসের মাধ্যমে এই চারটি প্রতিষ্ঠানের আটটি সেবা পাবেন বিনিয়োগকারীরা। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে সংস্থাটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানগুলো।

এর আগে বিডা ৩৫টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যেগুলো থেকে বর্তমানে ৫৬টি সেবা পাচ্ছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন বলেন, বিডার ওএসএসে নতুন নতুন সেবা যুক্ত হচ্ছে। কিন্তু যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর সেবা বিডার কাছে আসছে না। বিনিয়োগকারীরাও নিচ্ছেন না। কেন বিনিয়োগকারীরা সেবা নিচ্ছেন না। এর কারণ অনুসন্ধান করা দরকার।

যুক্ত হওয়া নতুন চার প্রতিষ্ঠানের মধ্যে বিস্ফোরক পরিদপ্তর থেকে বিস্ফোরক লাইসেন্স ইস্যুকরণ ও নবায়ন সেবা পাওয়া যাবে। প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে মিলবে বয়লার আমদানির অনাপত্তি সনদ, নিবন্ধন ও সনদ ইস্যুকরণ, সনদপত্র নবায়ন (পরিদর্শনসহ) এবং মালিকানা পরিবর্তন। এছাড়া ওয়ান ব্যাংক ও মেঘনা ব্যাংকে ওএসএসের মাধ্যমে হিসাব খোলা যাবে। সমঝোতা স্মারকে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক নায়েব আলী, প্রধান বয়লার পরিদর্শক আব্দুল মান্নান, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুর রহমান সই করেন।