বিজ্ঞাপনে বিকৃত ছবি, ক্যাসিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা শচিনের

গোয়ার একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে তার বিকৃত ছবি ব্যবহার করায় বেশ চটেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। এরই মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

মদের কোম্পানির বিজ্ঞাপন কিংবা অনলাইন বেটিং সংস্থার বিজ্ঞাপনে অনেক ক্রিকেটারকে দেখা গেলেও শচিন কখনো সেই পথে হাঁটেননি। তাই তার অজান্তে ক্যাসিনোর প্রচারে ছবি ব্যবহৃত হওয়ায় ‍চুপ থাকেননি ‘লিটল মাস্টার’। নিজের ক্ষোভের কথা টুইটে প্রকাশ করেন শচিন।

বৃহস্পতিবার টুইটারে পোস্ট করা বার্তায় শচিন লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার ছবি বিকৃত করে একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা আমার নজরে এসেছে। কখনো জুয়া, তামাক বা মাদকজাত দ্রব্যের সঙ্গে যুক্ত সংস্থার বিজ্ঞাপন আমি করিনি। এটা আমার নীতিতে বাধে।’

শচিন আরো লিখেছেন, ‘তাই এ সবের সঙ্গে যুক্ত কোনো সংস্থা যখন আমার ছবি বিকৃত করে বিজ্ঞাপনে ব্যবহার করে, তা দেখে খুব যন্ত্রণা হয়। আমার লিগ্যাল টিম যথাযথ অ্যাকশন নেবে। আমার মনে হয়, এই তথ্যটা সবার সঙ্গে শেয়ার করা উচিত।’