শাবনূরকে দর্শক খুব পছন্দ করেছে

কাজল আরেফিন অমির ভালোবাসা দিবসের নাটক ‘দই’-এ অভিনয় করে দর্শকের কাছে সাড়া ফেলেছেন পারসা ইভানা। এই নাটক ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

শাবনূর...

বেছে বেছে কাজ করি। আমার সৌভাগ্য যে প্রতিটি উৎসবে এত নাটকের ভিড়ে আমার একটি কাজ অন্তত আলোচনা সৃষ্টি করে। এবার ভালোবাসা দিবসের তেমনি একটি নাটক ‘দই’। নাটকটি থেকে দর্শকের তুমুল সাড়া পাচ্ছি। মজার বিষয় হলো এবার ভালোবাসা দিবসে এই একটি নাটকই করেছিলাম। এ নাটকে আমার চরিত্রের নাম শাবনূর। চরিত্রটি দর্শক খুব পছন্দ করেছেন। আমার কোনো ধারণাই ছিল না যে এত ভালো সাড়া পাব। দুই বছর অনেক ধরনের চরিত্র করেছি। তাই নির্দিষ্ট কোনো চরিত্রে তার বিশেষ দুর্বলতা নেই। তবে শাবনূর চরিত্রটি হিট হওয়ায় এ ধরনের চরিত্র করার জন্য অনেকেই বলছেন। কিন্তু আমি একই চরিত্রে বারবার কাজ করতে চাই না। নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই; বিশেষ করে চ্যালেঞ্জিং চরিত্রগুলো করতে পারলে স্বাচ্ছন্দ্যবোধ করি।

অমির পরিচালনায়...

‘আইসিইউ’ নাটকের পর আবারও কাজল আরেফিন অমির সঙ্গে কাজ করলাম ‘দই’ নাটকে। অমি ভাইয়ের টিম খুবই গোছানো। সবাই যেন একটি গোছানো পরিবার। পরিচালক হিসেবে অমি ভাই একেবারে ধরে ধরে কাজ করেন। যতক্ষণ পর্যন্ত তিনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যান। তার টিমে কাজ করে কখনো মনে হয়নি যে আমি বাইরের কেউ।

চলচ্চিত্র...

ভিন্ন ধারার সিনেমাগুলো ভালো লাগে। যেখানে অভিনয়ের জায়গা বেশি থাকে। যেমন ‘মনপুরা’, ‘আয়নাবাজি’। যদি কখনো এ ধরনের ফিল্মে সুযোগ পাই, তাহলে অবশ্যই করব।

নাচ...

আমি নাচের মঞ্চ থেকে উঠে এসেছি। চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’ চ্যাম্পিয়ন হয়েই মূলত শোবিজে কাজ করতে শুরু করি। তবে নাচ আর অভিনয় কখনো মেলাই না। আমার নাচের ধরন ফিল্মি স্টাইলের না। আমি ক্লাসিক্যাল নাচ করি। আমার বেসিক ভরতনাট্যম, জাতীয় শিশুপর্যায়ে গোল্ড মেডেলও পেয়েছি। তাই সিনেমায় যে ধরনের নাচ হয়, সেখানে আমি কমফোর্ট ফিল করি না।

ভাবনা...

লাইমলাইটে আসার জন্য কিংবা টপ পজিশনে যাওয়ার জন্য অভিনয় করি না। অভিনয়ের কাজটা আমি খুব ভালোবাসি। শুরু থেকে যে কাজগুলো করেছি, চেষ্টা করেছি শতভাগ মনোযোগ দিয়ে করার। মাথায় কখনই কাজ করে না আমার পরে যারা এসেছে তারা আগে উঠে যাচ্ছে, আমি কেন পারছি না! আমি আমার কাজটা করে যেতে চাই। আমি মনে করি, ভিউ বেশি হবে শুধু এমন কাজ না, সব ধরনের কাজ করা উচিত এবং আমি সেটাই করার চেষ্টা করছি। সেটা হোক ‘দই’-এর মতো কাজ কিংবা আমার ঘটি গরম-এর মতো চ্যালেঞ্জিং চরিত্র।