দেশে গত কয়েক দশকে অসংক্রামক রোগের প্রকোপ ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। এটি থেকে বাঁচতে হলে সবার মাঝে সচেতনতা সৃষ্টি দরকার। এতে মানুষের ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত নানা রোগে আক্রান্তের হার ৮০ শতাংশ কমবে।
গতকাল শুক্রবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) উদ্যোগে দুই দিনব্যাপী ‘নবম রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্সে’র প্রথম দিনে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, করোনা মহামারীর প্রেক্ষাপটে রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্সের আয়োজন খুবই গুরুত্ব বহন করে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন; যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. শাহ মনির হোসেন ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ডা. এ এম পারভেজ রহিম প্রমুখ।
দুদিনের এই কনফারেন্সে মোট ৬টি সায়েন্টিফিক পেপার সেশন, পাঁচটি সিম্পোজিয়াম ও ৮টি প্ল্যানারি সেশন থাকবে। এতে দেশ-বিদেশের চার শতাধিক জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও গবেষক অংশগ্রহণ করছেন। আজ শনিবার বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কনফারেন্স শেষ হবে। শেষ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।