যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দোহাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকার রাজাবাজার এলাকা থেকে তাকে আটক করে গুলশান থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় আনা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল জানান, পুলিশ পরিদর্শক শামসুদ্দোহা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত। তার স্ত্রী ফারজানা খন্দকার তুলির করা নারী নির্যাতন মামলায় তাকে ঢাকার রাজাবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে তাকে আদালতে নেওয়া হলে জেলহাজতে পাঠানো হয়।
তিনি আরও জানান, বাদীর লোকজন গুলশান থানার সহযোগিতায় শামসুদ্দোহাকে আটক করে। পরে সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের গুলশান থানা থেকে ফরিদপুরে নিয়ে আসেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল জানান, পুলিশ পরিদর্শক শামসুদ্দোহার স্ত্রী ফারজানা খন্দকার তুলি বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি, মারপিট ও নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন।