ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবি

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত অসহায় ভূমিহীন ৩৫০ পরিবারকে সরকারি নিয়ম কানুন মেনেই প্লট বরাদ্দের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন হয়েছে।

শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুরের বিভিন্ন প্লটের ভোগদখলে থাকা ভূমিহীন বসবাসকারীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

এ সময় ক্ষতিগ্রস্ত ভূমিহীন পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মজিবর রহমান।

তিনি বলেন, ১৯৬০-৬১ সালে তৎকালীন সরকার দিনাজপুরে হাউজিং এস্টেট নির্মাণের কারণে স্থানীয় ভূমির মালিকদের নিকট ৩৬০ একর জমি অধিগ্রহণ করেন ফলে বহু অসহায় মানুষ নানান ভাবে ক্ষতিগ্রস্তদের স্বীকার হন এবং ভূমিহীন হয়ে পড়েন তারা।

তৎকালীন সরকারের হাউজিং এস্টেটের প্রয়োজনীয় নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে বিভিন্ন সরকারের নির্দেশনা ছিল অধিগ্রহণ করা জমির প্রকৃত মালিক অথবা ভোগ দখলীয় সম্পত্তিতে বসবাসকারীদের অনুকূলে সরকারি নিয়মমত প্লট বরাদ্দ প্রদান করা যেতে পারে।

কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষের অসৎ কর্মকর্তারা আর্থিক ফায়দা হাসিলের জন্য বিভিন্নভাবে সুযোগ নেয়া শুরু করেন। অফিস কর্মকর্তা, দালাল এবং স্থানীয় ভূমিদস্যুদের সহযোগিতায় প্লটগুলোকে বিত্তশালীরা ভূমি দখলের অপচেষ্টায় চালাচ্ছে। যে কারণে আমাদের আন্দোলন সংগ্রাম ও আবেদন নিবেদন কোনোটাই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সুনজরে আসছে না।

এ ছাড়া প্লটের বরাদ্দ পেতে সরকারি নিয়ম কানুন মেনে আমরা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। জমিতে বসবাসকারী আমাদের অনেকেই ১৪২৮ পর্যন্ত বাংলা সনের জমির খাজনা দিয়েছে ও বিভিন্ন সময়ে দপ্তরগুলিতে করা আবেদনের রিসিভ কপি সংরক্ষণ করেছে।

দেশের অসহায় হতদরিদ্র ভূমিহীন মানুষের বাসস্থানের মৌলিক চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার ঘোষণা দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না এমন মহাপরিকল্পনার বাস্তবায়নে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের স্থানীয় কিছু অসাধু কর্মকর্তা, দালাল ও ভূমিদস্যুরা মিলে বাধার সৃষ্টি করছে।

আমরা চাই প্রধানমন্ত্রীর স্বপ্ন দ্রুত বাস্তবায়নে দিনাজপুর গৃহায়ণের ৭০টি প্লটে বসবাসকারী ৩৫০ পরিবারের অসহায় মানুষগুলোর নামে ভোগ দখলিয় প্লট বা সম্পত্তি বরাদ্দ দিয়ে সহযোগিতা করার মাধ্যমে সরকারের সুনাম বৃদ্ধি ও রাজস্ব আদায়ের পথকে সুগম করা হোক।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. ইদ্রীস আলী, মো. শাহাদত হোসেন, মো. আব্দুল মজিদ, মো. মকবুল হোসেন, মোছা. নাজমা বেগম, মো. জামিল উদ্দীন প্রমুখ।