বিষপ্রয়োগে অর্ধশত ঘুঘু হত্যা

চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধশত ঘুঘু হত্যা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এক কৃষিজমিতে এ ঘটনা ঘটে। সয়াবিনের বীজ খেয়ে ফেলার কারণে জমির মালিক বিষ প্রয়োগ করেন। মৃত পাখিগুলো দেখে এলাকাবাসী হতবাক হয়ে যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নূরে আলম বলেন, ‘এমনিতেই ঘুঘু পাখি বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলের ক্ষেত-খামারে ধান, চাল, গম, ডাল, সয়াবিন চাষকালে ঘুঘুসহ নানা ধরনের পাখি দেখা যেত। এখন এসব পাখি আগের মতো আর দেখা যায় না। এই সয়াবিন ক্ষেতে কিছু ঘুঘু পাখি খেতে এসেছিল, সেগুলোকেও বিষ দিয়ে হত্যা করা হলো।’

তবে এ ব্যাপারে জানতে সংশ্লিষ্ট জমির মালিককে পাওয়া যায়নি।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, ‘বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিসহ যেকোনো পাখি হত্যা করা শুধু মারাত্মক অপরাধই নয়, এটি পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। যারাই এই অমানবিক কাজ করেছেন, বিষয়টি আমরা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’