পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হলে সড়কে চাঁদাবাজির ওপর নজর রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে।
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণসংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না। রাশিয়ার সঙ্গে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চলমান। তাদের এ যুদ্ধ চলাকালে আমাদের প্রকল্পের কোনো ক্ষতি হবে না। আমার জানামতে, ইউক্রেনের সঙ্গে সরাসরি এমন কোনো বাণিজ্য নেই যে আমাদের ধসে পড়বে।’