শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তানকে ছুঁল ভারত

মাঠে নামার সঙ্গে সঙ্গে একটা রেকর্ড হয়ে গেল রোহিত শর্মার। শোয়েব মালিককে ছাড়িয়ে তিনিই এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার। অধিনায়কের রেকর্ডের দিনে ভারতীয় দলও দারুণ এক দলগত রেকর্ড গড়ল।

রবিবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টিতে এটি তাদের রেকর্ড টানা ১২তম জয়।

যে রেকর্ড আছে শুধু আফগানিস্তান ও রোমানিয়ার। অর্থাৎ এই দুই দলকে ছুঁল ভারত। আফগানিস্তানের টানা জয়ের রেকর্ড থেমে গেছে ২০১৯ সালে। ভারত ও রোমানিয়ার সুযোগ আছে রেকর্ডটা বাড়িয়ে নেওয়ার।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছি ভারত। এদিনের জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দিল তারা।

শ্রীলঙ্কা এদিন টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল। ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটা। ৬০ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে অধিনায়ক দাসুন শানাকার ৩৮ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে ১৪৬ পর্যন্ত করতে পারে দলটা।

ভারতের পক্ষে আবেশ খান ২৩ রান খরচায় সর্বাধিক ২ উইকেট নেন।

জবাবে শ্রেয়াস আইয়ারের ৪৫ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসে ভর করে ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিক ভারত। ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন আইয়ার।

সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়া রোহিত শর্মার এটি ছিল ১২৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ১২৪ ম্যাচ খেলা শোয়েব মালিক দ্বিতীয় স্থানে চলে গেছেন।