একাধিক ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহারকারী ট্রেকহোল্ডারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আগামী ৩০ জুনের মধ্যে একাধিক ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে জমা দিতে নির্দেশনা দিয়েছে এসইসি। গতকাল এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে দুই স্টক এক্সচেঞ্জে পাঠিয়েছে।
সাম্প্রতিক সময়ে একাধিক ব্যাক-অফিস ব্যবহার করে ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহকদের অর্থ ও শেয়ার আত্মসাতের ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে এসইসি। গত বছর ডিএসইর সদস্য প্রতিষ্ঠান তামহা সিকিউরিটিজ একাধিক ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে শত কোটি টাকারও বেশি শেয়ার ও অর্থ আত্মসাৎ করে। ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের শেয়ার বিক্রি ও নগদ অর্থ আত্মসাৎ করলেও তা ব্যাক-অফিস সফটওয়্যারের মাধ্যমে আড়াল করে আসছিল। একাধিক ব্যাক-অফিস সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর প্রকৃত তথ্যের বিপরীতে মিথ্যা তথ্য প্রদান করে প্রতিষ্ঠানটি।
এ ধরনের প্রতারণা প্রতিরোধ ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে এসইসি একাধিক ব্যাক-অফিস সফটওয়্যারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় যেসব ট্রেকহোল্ডারস একাধিক ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করে, তাদের কাছ থেকে ব্যাখ্যা চাইতে বলা হয়েছে স্টক এক্সচেঞ্জকে। এছাড়া ওইসব ট্রেকহোল্ডারস কোম্পানিতে এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে তদন্ত করার জন্য বলা হয়েছে।
সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার জন্য এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যে কোনো ট্রেকহোল্ডারকে সফটওয়্যার সরবরাহের পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ধরনের অনুমোদন দেওয়ার পর কমিশনকে অবহিত করবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এছাড়া ট্রেকহোল্ডারদের হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনস্টলেশনে স্টক এক্সচেঞ্জ পলিসি তৈরি করে তা ট্রেকহোল্ডারদের জানিয়ে দিতে বলেছে এসইসি।
নেটওয়ার্ক ইনস্টলেশন ও সিকিউরিটি পলিসি তৈরি করে দিতে স্টক এক্সচেঞ্জ বলা হয়েছে। এছাড়া উভয় স্টক এক্সচেঞ্জকে ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিদিনের লেনদেনের তথ্য সংরক্ষণের জন্য ব্যাক-আপ পলিসি গঠন করতে বলা হয়েছে।