ইউক্রেন ছেড়ে তিন দেশে চার শতাধিক বাংলাদেশি

ইউক্রেন থেকে পোল্যান্ডে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। গতকাল রবিবার পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যা পর্যন্ত ইউক্রেন থেকে পোল্যান্ডে ৪০০, হাঙ্গেরিতে ১৫ শিক্ষার্থী ও ৩ জন রোমানিয়ায় প্রবেশ করেছেন।

পোল্যান্ড দূতাবাসের ঘোষণায় বলা হয়, ইউক্রেন থেকে আগত এবং বর্তমানে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। 

পোল্যান্ডে আশ্রয় নেওয়াদের ফেরাতে ব্যবস্থা নিয়েছে সরকার ইউক্রেন থেকে আসা এবং বর্তমানে পোল্যান্ডে অবস্থানরত সব বাংলাদেশির নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানাসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তৌহিদ ইমাম +৪৯ ১৫৭৭ ৮৬৭৬৩৭৬ নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্রুত পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, ‘ইউক্রেন প্রবাসী বাংলাদেশিরা বর্তমান পরিস্থিতিতে যে যেখানে আটকা পড়েছেন তাদের নাম, মোবাইল নম্বর এবং পূর্ণ ঠিকানা +৪৯ ১৫৭৭ ৮৬৭৬৩৭৬ এই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আপনাদের সঙ্গে যোগাযোগপূর্বক উদ্ধার করে সুবিধাজনক সীমান্তে পৌঁছে দেবে।’

পোল্যান্ড : গতকাল পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছে। তাদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয়ে রয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আশ্রয় দেওয়া হলেও বাকিরা নিজস্ব ব্যবস্থায় তাদের পছন্দ অনুযায়ী আশ্রয় নিয়েছেন। দূতাবাস আইসিআরসি, ইউক্রেনের মাধ্যমে ২৮ বাংলাদেশি নাগরিককে (এখন পর্যন্ত) উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে। দূতাবাস আইওএম, ইউক্রেনের মাধ্যমে ইউক্রেনে কারাগারে আটক বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার জন্যও কাজ করছে।

অস্ট্রিয়া : কমপক্ষে ১৫ বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে এসেছেন, যাদের এখন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। আগামী কয়েক দিনের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে। তারাও এখনো বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

রোমানিয়া : এ পর্যন্ত তিনজন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেছেন, যাদের এখন বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। শিগগিরই আরও সাত বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করবেন বলে আশা করা হচ্ছে। তারাও অবিলম্বে দেশে ফিরতে ইচ্ছুক।