সুইফট নেটওয়ার্ক থেকে বাদ পড়ছে রাশিয়া

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েও যখন পশ্চিমা বিশ্ব সুবিধা করতে পারছিল না, ঠিক তখনই তারা সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার আর্থিক লেনদেনে আঘাত হানার। এই পরিকল্পনার অংশ হিসেবেই বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয়েছে জার্মানি ও তার পশ্চিমা মিত্ররা। গত শনিবার জার্মান সরকার এমন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানায় এএফপি। জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি এবং ইউরোপীয় কমিশন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে একমত হয়েছে। রাশিয়ার আগ্রাসন রুখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক সক্ষমতা সীমিত করা জরুরি বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মান সরকারের এক মুখপাত্র জানান, ধনী রাশিয়ান এবং তাদের পরিবারের গোল্ডেন পাসপোর্ট বন্ধ করা হবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে এমন সংস্থার প্রাতিষ্ঠানিক এবং তার দায়িত্বে থাকাদের ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটে লেখেন, ‘আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বৈঠক করে একটি সিদ্ধান্ত নিয়েছি। ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়াকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা বের করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সুইফট থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে লেনদেন প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুতিনকে তার আগ্রাসনের চড়া মূল্য দিতে হবে, তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’

সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সহজভাবে পরিচালনায় ব্যাংকগুলো দ্রুত এবং নিরাপদে বৈশ্বিক লেনদেন করে থাকে। এ প্লাটফর্ম ব্যবহার করে ২০২০ সালে প্রতিদিন প্রায় ৩৮ মিলিয়ন লেনদেন হয়েছে, যা ট্রিলিয়ন ডলার মূল্যের লেনদেন সুবিধা দিয়েছে। সুইফট সত্তরের দশকের হাজার হাজার সদস্য প্রতিষ্ঠানের একটি সমবায় পরিষেবা। বেলজিয়ামভিত্তিক এ পরিষেবা বাণিজ্য বিরোধের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। তবে এবারই প্রথম এই প্রতিষ্ঠানটি রাশিয়া ইস্যুতে তাদের নিরপেক্ষতা থেকে সরে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তকে ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখছেন।