চেনা বলেই সিইসিতে এত আস্থা জাফরুল্লাহর

দীর্ঘদিন ধরে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আমার পরিচয়। তাকে দিয়ে জোর করে কিছু করানো যাবে না বলে আমার বিশ্বাস। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসিসহ ৪ কমিশনার শপথ নেওয়ার পর সন্ধ্যায় দেশ রূপান্তরকে এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘সরকার চাপ প্রয়োগ না করে বরং তাকে সহযোগিতা করলে জনগণের আশার প্রতিফলন ঘটবে। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকারবিরোধী অন্য রাজনৈতিক দলের উচিত তাকে সহযোগিতা করা।

‘অতীতে বিভিন্ন সময়ে সরকার তাকে দিয়ে অবৈধ কাজ করিয়েছে। বিনিময়ে সিইসি সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে বলে অভিযোগ রয়েছে এমন লোক দিয়ে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করেন’ এমন প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিষয়টি সঠিক নয়। বরং তিনি দুজন বিচারপতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিচারপতিরা তার ওপর ক্ষেপেছিলেন। সিইসি অভিজ্ঞতাসম্পন্ন লোক, জ্ঞানী মানুষ। দীর্ঘদিন ধরে তাকে আমি ব্যক্তিগতভাবে জানি। সিইসি হিসেবে ভালো করবেন কাজী হাবিবুল আউয়াল। আমার তালিকায় আট নম্বরে তার নাম ছিল। তবে নাম দেওয়ার আগে কিংবা পরে তার সঙ্গে আমার কোনো আলাপ হয়নি। কাউকে জিজ্ঞাসা করে আমি নাম দিইনি।’

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো আপনার কথা শুনবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তাদের বিষয়। আমি আমার বক্তব্য তুলে ধরেছি। এখন সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো গ্রহণ করতে পারে আবার বর্জন করতেও পারে।’

নতুন ইসি নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সেটা তাদের ব্যাপার। আমি জোর করে তাদের ওপর কিছু চাপিয়ে দিতে পারি না। তা ছাড়া আমি তো বিএনপির কোনো পদে নেই। বরং নানা ইস্যুতে তারা আমার ওপর বিক্ষুব্ধ।’

গত শনিবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন ইসির প্রজ্ঞাপন জারি করেন। এরপর গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাফরুল্লাহ চৌধুরী নিজের প্রস্তাবিত তালিকা থেকে নতুন সিইসি (কাজী হাবিবুল আউয়াল) বেছে নেওয়ায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সরকার একটা ভালো কাজ করল। এখন সরকার যদি তাকে (নতুন সিইসি) বিরক্ত না করে, তাকে যদি তার মতো করে চলতে দেয়, তাহলে তিনি খারাপ করবেন না। তার অনেক সাহসী গুণাবলি আছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করব তিনি (সিইসি) নির্বাচনে কারও কথা শুনবেন না। তাকে এখন সবার সমর্থন দেওয়া দরকার। আমি মনে করি, বহুদিন পর আমরা একজন সাহসী লোক পেয়েছি।’