প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তরিকত ফেডারেশনের দেওয়া নামের তালিকায় ছিলেন এক নম্বরে। গত ২৪ ফেব্রুয়ারি সার্চ (অনুসন্ধান) কমিটির চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে সিইসি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
কাজী হাবিবুল আউয়ালকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়ার পর শুরু হয় নানা গুঞ্জন। আলোচনা শুরু হয় তরিকত ফেডারেশনের ম্যাজিক কী, তাই নিয়ে। তাহলে কি স্বচ্ছ, সৎ ও দক্ষ ব্যক্তি শুধু তরিকত ফেডারেশনই চেনেএমন প্রশ্নও ওঠে। নাকি আদিষ্ট হয়ে নাম প্রস্তাব করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশন।
দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজভা-ারি দেশ রূপান্তরকে বলেন, ‘এটি ম্যাজিকাল কিছুই নয়। বিদায়ী সিইসি কে এম নুরল হুদাও ছিল তরিকত ফেডারেশনের তালিকায়এটাও সত্য। সেটা নিয়েও নানান আলোচনা ওই সময় হয়েছে। কিন্তু আমরা কোনো প্রতিউত্তর করিনি।’
তিনি বলেন, ‘কাজী হাবিবুল আউয়াল যখন ধর্ম সচিব হিসেবে দায়িত্বপালন করেন তখন থেকে আমি ওনাকে চিনি। সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে তার সুনামও আছে সর্বমহলে। তাই তরিকত ফেডারেশনের পছন্দের তালিকায় ১ নম্বরে তার নাম দেওয়া হয়। এটাকে ভিন্নভাবে দেখার কোনো অবকাশ নাই।’ তিনি আরও বলেন, আদিষ্ট হয়ে কেন দেব? দক্ষতা-যোগ্যতা ও সততা চেনার বোধ বিবেচনা কি আমাদের নেই? বিএনপি অনুসারী ডা. জাফরুল্লাহ চৌধুরীও তো কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটির কাছে।
গুঞ্জন আছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের কৌশল ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যাদের নাম সার্চ কমিটির কাছে জমা পড়ে ওই নামগুলো যাতে অন্য ছোট দলগুলোর পছন্দের তালিকায়ও রাখা যায়। সে হিসাব থেকেই সিইসি হিসেবে কাজী হাবিবুল আউয়ালের নাম পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে তরিকত ফেডারেশন। শুধু তাই নয়, এই নামের প্রস্তাবক ছিলেন ডা. জাফরুল্লাহও। তবে জানা গেছে, তার তালিকায় ৮ নাম্বারে ছিলেন নতুন এই সিইসি।
সূত্র জানায়, আওয়ামী লীগের পছন্দের তালিকা থেকে সিইসি হলে বিভিন্ন সমালোচনার সৃষ্টি হবে। বিব্রতকর ওই পরিস্থিতি এড়িয়ে যেতেই ছোট দলগুলোর পছন্দের তালিকা থেকে ক্ষমতাসীনদের পছন্দের নাম প্রস্তাবে আসুক এমনটি চাওয়া হয়। ছোট দলের তালিকা থেকে সিইসি নিযুক্ত হলে বিব্রতকর পরিস্থিতি ও সমালোচনা থেকে রেহাই পাবে ক্ষমতাসীনরা। তাই জোটের শরিক তরিকত ফেডারেশনের প্রস্তাব ‘ম্যাজিক’ হয়ে গেছে। আলোচনায় এসেছে।
তালিকা সার্চ কমিটিতে জমা দেওয়ার আগে আওয়ামী লীগের সভাপতিম-লীর সভায় প্রত্যেক সদস্যের কাছ থেকে নাম নেন দলীয় প্রধান। তারা খামে ভরা পাঁচটি করে নাম জমা দেন। তাদের কারও কারও তালিকায় হাবিবুল আউয়ালের নাম ছিল।