সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ, এসআই আলাউদ্দীনের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে নিহতের ভাই মামলার আবেদন করেছেন।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজের আদালতে নিহত উজির মিয়ার ভাই ডালিম মিয়া বাদী হয়ে মামলার আবেদন করেন।
মামলায় বাদী পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন প্রদীপ কুমার নাগ ও রবিউল লেইস।
মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।
এর আগে ঘটনায় গতকাল শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। ঘটনায় আরো অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে ২ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা-পুলিশ। পরে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
বাড়ি ফেরার পর ২১ ফেব্রুয়ারি আবার অসুস্থতা বেড়ে গেলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২১ ফেব্রুয়ারিই বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের সুবিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
বর্তমানে জেলা প্রশাসক ৩ সদস্য বিশিষ্ট পৃথক ২টি এবং অতিরিক্ত ডিআইজির একটি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে।