মিরপুরে ধারণক্ষমতার পুরো দর্শক ফেরাচ্ছে বিসিবি

করোনার নিউ নরমাল সময়ে দেশে প্রথমবার ক্রিকেট মাঠে ধারণক্ষমতার পুরো দর্শক প্রবেশের অনুমতি থাকছে। আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শতভাগ দর্শক মাঠে বসে খেলা খেলতে পারবেন।

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বৃহস্পতি ও শনিবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সরকারি বিধিনিষেধ উঠে গেছে। কোভিড শনাক্তের হারও অনেক কমে গেছে। আমাদের মনে হয়েছে, পুরো গ্যালারিতে দর্শক এখন ফেরাতে পারি আমরা।’

যোগ করেন, ‘আশা করি আগের মতোই আবার প্রাণ ফিরবে গ্যালারিতে। আমাদের ক্রিকেটাররাও উজ্জীবিত হবে মাঠে দর্শক সমর্থন পেয়ে।’

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকেরা।

বিসিবি জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য থাকবে ১০০ টাকা। এই টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০ টাকা।

শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড বা ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা।

করোনা কালে বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি মিলে গত বছর শেষ দিকে। পাকিস্তান বিপক্ষে সেই সিরিজে ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট দেওয়া হয়েছিল।

পরে করোনার ওমিক্রন প্রভাব ছড়িয়ে পড়া, শনাক্ত ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় দেশে আবারো সরকারি বিধিনিষেধ জারি হয়। তাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মাঠে পুরো দর্শক প্রবেশের অনুমতি ছিল না।

চট্টগ্রামে হওয়া প্রথম ম্যাচে হাজার চারেক টিকিট ছেড়েছিল বিসিবি। দর্শক চাহিদার কথা বিবেচনা করে পরের দুই ম্যাচে টিকিট ছাড়া হয় ১০ হাজারের মতো।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা।