নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্রি এলাকায় এক ফ্ল্যাট বাসায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় এলাকাবাসীর সহায়তায় রক্তমাখা ছুরিসহ জোবায়ের হোসেন (৪০) নামে এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবক দুজনকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন ৬তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। এ সময় পুরো ফ্লোর ছিল রক্তমাখা।

নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজামান বলেন, শহরের নিতাইগঞ্জ ডালপট্রি এলাকার ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।