অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর মাত্র তিন দিন আগে করোনা ধরা পড়ল পাকিস্তানি পেসার হারিস রউফের। ফলে ২৮ বছর বয়সী ডানহাতি পেসারের টেস্ট অভিষেকের অপেক্ষা বাড়ল বলা চলে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার হারিসের করোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। ৮ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার এখন আইসোলেশনে রয়েছেন। পিসিবি জানিয়েছে, পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে।
৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ।
ইনজুরির কারণে ফাহিম আশরাফ ও হাসান আলি ছিটকে যাওয়ার পর গত সপ্তাহে ১৫ সদস্যের দলে পরিবর্তন আনে পিসিবি। তাদের জায়গায় প্রথম টেস্টের দলে ডাকা হয়েছে ইফতিখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।
করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ মার্চ থেকে। লাহোরে ২১ মার্চ থেকে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।