সন্ধ্যা ৬টা থেকে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

এখন থেকে সারা দেশে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। গতকাল ১ মার্চ থেকে সিএনজি স্টেশন চালু রাখার নতুন এই সময় ঘোষণা করে পেট্রোবাংলা।

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দেশের সব সিএনজি স্টেশন পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করবে তিতাস গ্যাসসহ দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়। জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর এক ঘোষণায় চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। তখন বলা হয়েছিল, সারা দেশে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।