উত্তর বারিধারা ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম জয় পেল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় রহমতগঞ্জ। পুরান ঢাকার দলটির পক্ষে ফিলিপ আজাহ জোড়া গোল করেন। অন্য গোলটি এনামুল ইসলামের।
উত্তর বারিধারার পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড ইভজেন্তি কোচনেভ।
চলতি মৌসুমে ফেডারেশন কাপে রানার্সআপ হয় রহমতগঞ্জ। কিন্তু লিগে শুরু থেকেই ধুঁকছিল দলটি। আগের পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট ছিল তাদের।
প্রথম জয়ের সুবাদে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে এখন নবম স্থানে রহমতগঞ্জ। বারিধারা নেমে গেছে দশম স্থানে। ৬ ম্যাচে চার পয়েন্ট তাদের।
অন্যদিকে রাজশাহীতে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন আদিল কুসকুস।
ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পাওয়া পুলিশ ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। ৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সবার তলানিতে।