ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ডাকা জরুরি অধিবেশনে কোনো পক্ষ নেয়নি বাংলাদেশ। এ ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের নেতৃত্বে মঙ্গলবার ওই বৈঠকে বাংলাদেশ তার নিরপেক্ষ অবস্থান তুলে ধরে সংলাপের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেয়। জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, জরুরি অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপপ্রধান মোহাম্মদ মনোয়ার হোসেন যোগ দেন।
ইউক্রেন ইস্যুতে সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা সবরকম যুদ্ধের বিরুদ্ধে। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক, আমরা সেটাই চাই।’
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি ও সংঘাতের সৃষ্টি হয় এমন কিছুকে সমর্থন করে না বাংলাদেশ। ইউক্রেন ইস্যুতে আমরা কারও পক্ষে-বিপক্ষে যেতে পারি না। কারণ সব দেশই আমাদের বন্ধু রাষ্ট্র। নীতিগতভাবেই এটি আমাদের অবস্থান। আশা করি, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দুই পক্ষ আলোচনা করে শান্তিপূর্ণ একটি সমাধানে পৌঁছাবে।’
এদিকে সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে ইউক্রেনে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের এই ধরনের সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। তাই আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম, শত্রুতা বন্ধ ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের আহ্বান জানাই।
এতে আরও বলা হয়, আমরা ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে যেতে বলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছে। আমরা সেখানে আটকেপড়া বাংলাদেশিদের দেশে অবিলম্বে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছি। সমস্ত কনস্যুলার সহায়তা বিনামূল্যে দেওয়া হবে।