সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০ মার্চ থেকে শুরু হবে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শুরু হবে। এ জন্য শিক্ষক সহায়িকায় রুটিন প্রকাশ করা হবে।
এতে বলা হয়, প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণি কার্যক্রম কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় প্রদত্ত রুটিনের আলোকে পরিচালিত হবে। ক্লাস রুটিনে বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি চিহ্নিত করে বিশেষ শ্রেণি কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। আর বিদ্যালয় পরিচালিত হবে দুই শিফটে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করা হবে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।