তেলের বাজারে অস্থিরতা

আন্তর্জাতিক তেলের বাজারের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) অস্থির জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা আনতে জরুরি ভিত্তিতে ৬ কোটি ব্যারেল পেট্রোলিয়াম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আইইএ’র বৈঠকে এ ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আজ আমি আইইএ’র বৈঠকে সভাপতিত্ব করেছি, সংস্থাটির বাকি ৩০ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে, তা নিয়ন্ত্রণে আমাদের সবার রিজার্ভ থেকে তেল সরবরাহ করা হবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই আন্তর্জাতিক বাজারে ৬ কোটি ব্যারেল পেট্রোলিয়াম সরবরাহ করা হবে। তার মধ্যে যুক্তরাষ্ট্র দেবে অর্ধেক।

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজার। কোনো পদক্ষেপেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না এটির দাম। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের এক ব্যারেল তেলের দাম এরই মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১১৩ ডলারে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে থাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্ন দেশ ও সংগঠন। এসব নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসও রয়েছে। বিশ্বের দৈনন্দিন জ্বালানি চাহিদার ৩০ শতাংশেরও বেশি জোগান দেয় রাশিয়া। নিষেধাজ্ঞার কারণে এই জোগান বন্ধ হয়ে যাওয়ায় প্রতিনিয়ত জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টদের ধারণা।