মানিকগঞ্জের হরিরামপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে এক ঘণ্টার মধ্যে মা শোভা রায়ের (৮০) মৃত্যু হয়েছে। এর আগে, সকাল সাড়ে ছয়টার দিকে তার ছেলে অমল রায়ের (৪৮) মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, হরিরামপুরের আন্ধারমানিক এলাকার মৃত ননী গোপাল রায়ের ছেলে অমল রায় ও তার ভাই বিমল রায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে সাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির কাজ করতেন।
অমল রায় দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান। ছেলের লাশ ধরে কাঁদতে কাঁদতে সকাল সাড়ে সাতটার দিকে শোভা রায়ের মৃত্যু হয়।
বয়ড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ‘ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে সম্ভবত শোভা রায় স্ট্রোক করে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’