পুরস্কার পাচ্ছে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান

পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানিতে অবদান রাখায় দেশের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া সাত অংশীজন পাচ্ছেন শুভেচ্ছা স্মারক। ‘জাতীয় পাট দিবস ২০২২’ উপলক্ষে মোট ১১ ক্যাটাগরিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। গতকাল জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান।

আগামী ৬ মার্চ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ‘জাতীয় পাট দিবস-২০২২’ উদযাপন করতে যাচ্ছে। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম জাকির হোসেন। তিনি পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক হিসেবে এ পুরস্কার পাচ্ছেন।

এছাড়া সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি মো. সাহানুর আলম সান্টু, সেরা পাট উৎপাদনকারী চাষি মো. আ. রাজ্জাক প্রাং, বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা কোহিনুর ইয়াছমিন ও মো. আবদুল হাকিমকে এ পুরস্কার দেওয়া হবে।

এছাড়া পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল রাণু এগ্রো ইন্ডাস্ট্রিজ, পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল আকিজ জুট মিলস, পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান করিম জুট স্পিনার্স, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি ও বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান জনতা জুট মিলস লিমিটেড। এর বাইরে পাট-সংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে পাটখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাটখাতে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। ফলে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান উত্তরোত্তর বাড়ছে। রপ্তানি আয়ে পাটখাত চামড়াশিল্পকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

গোলাম দস্তগীর গাজী জানান, বিজেএমসির ২৫টি জুট মিল অবসায়নের পর মিলগুলো সরকারের নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার কার্যক্রম চলমান। এরই মধ্যে দুটি জুট মিলের (বাংলাদেশ জুট মিল, নরসিংদী এবং কেএফডি জুট মিলস, চট্টগ্রাম) ভাড়াভিত্তিক ইজারা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া আরও দুটি জুট মিল লিজ দেওয়ার প্রক্রিয়া চলমান। অবশিষ্ট ১৩টি মিল লিজ দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হয়েছে।