নওগাঁর সাপাহার সীমান্তে নিজের রাইফেলের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সুন্দরইল বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে। তানভির আহম্মেদ (২৮) নামের ওই বিজিবি সদস্য নিজেই বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মীরা।
নিহত তানভীর আহম্মেদ নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামের শেখ আজনুরের ছেলে।
সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও বিজিবি সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, সিপাহি তানভীর আহম্মেদ গতকাল ভোরে বিজিবি ক্যাম্পের ভেতরে তার নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকের বাম পাশে গুলি করেন। বিষয়টি টের পেয়ে ক্যাম্পের অন্য বিজিবির সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে বিজিবি সদস্যরা ফের সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ৭টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। সাপাহার থানার ওসি তারেকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত বিজিবি সদস্য তানভীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিজিবির ওই সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার বুকে গুলির দাগ রয়েছে।’
বিজিবি সদস্যের মৃত্যুর বিষয়ে বক্তব্য জানতে নওগাঁ অঞ্চলের দায়িত্বে থাকা ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।