কালিয়াকৈরে ডিভাইন ফেব্রিকস কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর কালিয়াকৈর উপজেলার দিঘিপাড় এলাকার ডিভাইন ফেব্রিকস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছুটির দিন থাকায় কারখানার ড্রয়িং সেকশন ছাড়া অন‌্য সব সেকশনের ছুটি ছিল। হঠাৎ কারখানার ভেতরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কী থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।