ইউক্রেন ইস্যুতে এবার রাশিয়ায় ব্যবসা স্থগিতের ঘোষণা দিল মাইক্রোসফট। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার অংশ হলো এই সফটওয়্যার জায়ান্টও।
রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার মাইক্রোসফট করপোরেশন এই ঘোষণা দেয়। তারা জানায়, এখন থেকে রাশিয়ায় নতুন করে কোনো পণ্য বা সেবা বিক্রি করা হবে না।
এর আগে, ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার সাথে সবধরণের বাণিজ্য বন্ধের ঘোষণা দেয় আ্যপল, নাইকি এবং ডেলের মতো বিখ্যাত প্রতিষ্ঠান। এছাড়া মস্কোর ওপর বিভিন্ন ধরনের কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো।
নতুন পণ্য বিক্রি বন্ধের পাশাপাশি, রাশিয়া সরকারের সঙ্গে অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমও বন্ধের কথা জানিয়েছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ।
রাশিয়ার প্রোপাগান্ডা বন্ধ করতে বিভিন্ন দেশের আহ্বানে সাড়া দিয়ে, সম্প্রতি টেক কোম্পানিগুলো আরটি ও স্পুটনিকসহ রাশিয়ার সরকারি গণমাধ্যমের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে হামলা চালানোকে রাশিয়ার গণমাধ্যমে ‘বিশেষ অভিযান’ হিসেবে উল্লেখ করা হয়ে আসছে।
এর আগে, উইন্ডোজ আ্যপ স্টোর থেকে আরটির মোবাইল আ্যপ সরিয়ে ফেলার ঘোষণা দেয় মাইক্রোসফট। রাশিয়ার সরকারি গণমাধ্যমে বিজ্ঞাপন দেয়াও বন্ধ রেখেছে তারা।
ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা, গুগল এবং ইউটিউবও একই ধরনের পদক্ষেপ নিয়েছে, যাতে তাদের মাধ্যমে রাশিয়ার কোনো সরকারি গণমাধ্যম আয় করতে না পারে।