লালমনিরহাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি রহিম বাদশাকে (৩০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ (রংপুর)। গতকাল শুক্রবার সকালে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে রহিম বাদশা। পরে বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী মহল চেষ্টা করে। কিন্তু সংবাদমাধ্যম এবং এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় ওই কিশোরীর বাবা গত ২৮ ফেব্রুয়ারি বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।