শিক্ষার্থী নির্যাতন ছাত্রলীগের সাত নেতাকে শোকজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে নির্যাতনের অভিযোগে সাত ছাত্রলীগ নেতাকে শোকজ করেছে শাখা ছাত্রলীগ। গতকাল শুক্রবার দুপুরে সংগঠনটির প্যাডে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব স্বাক্ষরিত চিঠিতে এ শোকজ করা হয়।

শোকজ পাওয়ারা হলেন ছাত্রলীগের কলা অনুষদের সভাপতি যাযাবর নাঈম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের হিমেল, লোকপ্রশাসন বিভাগের তুহিন ও মুমিন, ইইই বিভাগের এলেক্স সাব্বির এবং অর্থনীতি বিভগের তানভীর। তাদের তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, নির্যাতনের অভিযোগ আসায় এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিবেচনা নিয়ে আমরা সাতজনের কাছে সংগঠন থেকে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চিঠি দিয়েছি। যদি আমরা তাদের প্রেরিত উত্তরে সন্তুষ্ট না হই তখন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, সাতজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আমরা ব্যাখ্যা জানতে চেয়েছি। তিন দিনের মধ্যে তাদের জবাব পাওয়ার পর সংগঠনের অবস্থান জানানো হবে।

শোকজ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থী রাশেদ খান বলেন, আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছি এবং বিচার চেয়েছি। এখানে অভিযুক্তরা ছাত্রলীগ করে কি না তা আমাদের জানা নেই। আমরা শুধু প্রশাসনের দিকেই তাকিয়ে আছি অভিযুক্তদের বিচারের দাবিতে।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, রবিবার যদি প্রশাসনের তদন্তে এদের দোষ প্রমাণিত হয় এবং শাস্তি দেয় এরপর এ চিঠির উত্তরের অবস্থান নিয়ে আরেকটি জায়গা তৈরি করার চেষ্টা করবে অভিযুক্তরা। যেখানে সাংগঠনিকভাবে তাদের মূল্যায়ন করা হতে পারে নির্দোষ হিসেবে। তবে আমরা চাই ছাত্রলীগ নেতৃত্ব নিজেদের অভ্যন্তরে যুক্ত থাকলে সেই দোষীদের বিষয়ে কঠোর হোক।

গত ২৮ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থী নিহাদকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠে। আহত নিহাদ বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকায় স্থানান্তরিত হয়েছে বলে জানান তার বড় ভাই।