জাতীয় দলের জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য সদ্য নিয়োগ পাওয়া শেন ম্যাকডারমট আগেও কাজ করেছেন বাংলাদেশের ক্রিকেট ও টাইগারদের সঙ্গে।
শনিবার এক বিবৃতিতে ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ান ম্যাকডারমটকে নিয়োগের কথা নিশ্চিত করেছে বিসিবি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকান ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। পাকিস্তান সিরিজে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন মিজানুর রহমান বাবুল। আফগানিস্তান সিরিজে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। তবে আসছে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই স্থায়ী ফিল্ডিং কোচ চূড়ান্ত করল বিসিবি।
এতে বাংলাদেশের কোচিং প্যানেলে মাত্র এক দিনের ব্যবধানে নতুন কোচ যোগ হলেন দুজন। এর আগে শুক্রবার পেস বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি।
ম্যাকডারমট ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিসিবির অধীনে কাজ করেছেন। জাতীয় একাডেমির প্রধান কোচ, এইচপির ফিটনেস কো–অর্ডিনেটর ও জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বে সামলেছেন।
বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই ঢাকায় আসবেন ম্যাকডারমট। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি বিসিবির।
ম্যাকডারমটের কোচিং অভিজ্ঞতা দুই দশকের। শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ ও ‘এ’ দলের প্রধান কোচ ছিলেন। অন্তর্বর্তীকালীন সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গেও। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি ও ক্রিকেট তাসমিয়ার সঙ্গেও কাজ করেছেন তিনি।