কাগজে-কলমে বিচ্ছেদ

হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিম কার্ডাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট এখন কাগজে-কলমে একা। মার্কিন র‌্যাপার কানিয়ের সঙ্গে আট বছরের সংসারের আনুষ্ঠানিক পরিসমাপ্তি হলো মডেল, রিয়েলিটি শো তারকা ও উদ্যোক্তা কিমের। গত বুধবার ভার্চুয়াল শুনানির পর আদালত এ সিদ্ধান্ত দেয়। এখন থেকে কার্ডাশিয়ানও নামের শেষে আর ‘ওয়েস্ট’ ব্যবহার করবেন না। গত বছরের ডিসেম্বর মাসে কানিয়ের কাছ থেকে বিচ্ছেদের জন্য আবেদন করেন কিম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সিঙ্গেল’ ঘোষণা করল আদালত। তবে সম্পদ ও সন্তানদের দায়িত্ববিষয়ক সিদ্ধান্ত এখনো সম্পন্ন হয়নি। কিম কার্ডাশিয়ানের বিচ্ছেদপ্রক্রিয়া দুই ভাগে বিভক্ত। একভাগে রয়েছে তার আনুষ্ঠানিকভাবে ‘সিঙ্গেল’ ঘোষণা ও নাম থেকে সাবেক স্বামীর নাম ‘ওয়েস্ট’ বাদ দেওয়া। অন্য ভাগে রয়েছে সম্পদ ও সন্তানদের তত্ত্বাবধান। এক বিবৃতিতে কিম বলেছেন, ‘আমার বিশ্বাস, আদালতের রায় কানিয়েকে আমাদের সম্পর্কের পরিসমাপ্তি মেনে নিতে সহায়তা করবে।’ বুধবারের শুনানিতে কানিয়ে উপস্থিত ছিলেন না বটে, তবে সংসার টিকিয়ে রাখার অনেক চেষ্টাই তিনি করেছিলেন। কিমের বর্তমান প্রেমিককে নিয়ে অদ্ভুত এক কা- করে বিতর্কের সৃষ্টি করেছেন কানিয়ে। বুধবার তার নতুন গান ‘ইজি’র একটি কার্টুন ভিডিওতে দেখা গেছে, কিমের বর্তমান প্রেমিক পেট ডেভিডসনকে অপহরণ করে কবর দেওয়া হচ্ছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিম জানিয়েছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। ২০১২ সাল থেকে প্রেম করছিলেন কিম ও কানিয়ে ওয়েস্ট। দুই বছর পর বিয়ে করেন তারা। তাদের চারটি সন্তান রয়েছে। কানিয়ে র‌্যাপার হিসেবে জনপ্রিয়। ‘স্ট্রঙ্গার’, ‘জেসাস ওয়াকস’ ও ‘গোল্ড ডিগার’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী তিনি। অন্যদিকে পারিবারিক একটি টিভি শো করে কিম কার্ডাশিয়ান তারকাখ্যাতি পান ২০০৭ সালে। নিজের নামে ব্র্যান্ড চালু করেও সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। অভিনয় করেছেন ‘ডিজাস্টার মুভি’, ‘ডিপ ইন দ্য ভ্যালি’, ‘জুলন্ডার টু’, ‘স্টকহোম সিনড্রোম’, ‘দিস ইজ প্যারিস’সহ বেশ কিছু সিনেমায়।