ইউরোপ-আমেরিকার দেশগুলোর তুলনায় বাংলাদেশে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি হার অনেক কম বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার ঢাকায় ১৫তম আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। একই কথা বলেন এদিন তার চট্টগ্রামের বাসায় উপস্থিত সাংবাদিকদেরও। পাশাপাশি রাশিয়া ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের তীব্র সমালোচনাও করেন তথ্যমন্ত্রী।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান আরও বলেন, গত ১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় সাড়ে চারগুণ। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিনগুণ। মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধিও এমনই। এছাড়া ইউরোপ-আমেরিকার দেশগুলোর তুলনায় দেশে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি হার অনেক কম।
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকা সংবিধান লংঘন বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘে বাংলাদেশসহ সকল দেশই বিভিন্ন সময়ে অনেক ক্ষেত্রে ভোটদানে বিরত থাকে। এবার যখন জাতিসংঘে এই প্রস্তাব আনা হয়, তখন ভারতসহ বিশ্বের অনেক দেশ ভোটদানে বিরত ছিল। মির্জা ফখরুল সাহেবের কাছে আমার প্রশ্ন ভারত কেন ভোটদানে বিরত ছিল সেটিরও একটি ব্যাখ্যা যদি তিনি দেন।
তিনি বলেন, বিএনপি নেতারা আসলে সব বিষয়ে মতামত দিতে গিয়ে কোনটাতে কী বলবেন খেই হারিয়ে ফেলেন। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। এবং আমরা অবশ্যই যেকোনো সংঘাতের বিরোধী। পৃথিবীতে শান্তি স্থাপিত হোক, শান্তি বিরাজ করুক সেটিই আমরা চাই। কৌশলগত কারণে বাংলাদেশ জাতিসংঘে ভোটদানে বিরত ছিল। ভারতও বিরত ছিল।’
এর আগে চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছে দিতে বস্তুগত উন্নয়নের সঙ্গে প্রয়োজন আত্মিক ও মানবিক তথা জাতিগত উন্নয়ন। আর শিশুতোষ চলচ্চিত্র শিশু-কিশোরদের মেধা-মনন-দেশপ্রেম-মমতার বিকাশ ঘটিয়ে জাতিগত উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।’
চিল্ডেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উৎসব উপদেষ্টা চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর প্রমুখ। ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী এ উৎসবে শিশু-কিশোরদের নির্মিত ও শিশু-কিশোরদের জন্য নির্মিত ৩৮টি দেশের ১১৭টি চলচ্চিত্র সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্তভাবে প্রদর্শিত হচ্ছে।