দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সাতক্ষীরা সাংবাদিক ঐক্য মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। সেখানে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা।
এ সময় শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জাতীয় পার্টির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক নেতা শেখ আজহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সদস্যসচিব আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগ নেতা ডা. সুব্রত ঘোষ ও যমুনা টিভির রাজীব আহসান।
আলোচকেরা বলেন, পাঠকের ভালোবাসায় আর পত্রিকা সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমে দিনে দিনে পাঠকেরই মুখপত্রে রূপান্তরিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। প্রচণ্ড গতিতে এগিয়ে চলার এ সময়কে সঙ্গে নিয়ে পরিণত পত্রিকাটিকে জনগণের আরও কাছের পত্রিকায় রূপান্তরিত করা এখন সময়ের দাবি। পাঠকের প্রতি ও সততার প্রতি দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন আলোচকেরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক, ফুলেল শুভেচ্ছা, মিষ্টিমুখ ও মধ্যাহ্নভোজে সমগ্র আয়োজন ছিল মনোমুগ্ধকর।