ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থ লেনদেন মাধ্যম ভিসা ও মাস্টারকার্ড। পেমেন্ট জায়ান্টরা গত শনিবার জানিয়েছে, রুশ ব্যাংকগুলোর ইস্যু করা কার্ডগুলো দিয়ে তাদের নেটওয়ার্কে অন্য দেশে আর লেনদেন করা যাবে না। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে এসব কার্ড দিয়ে রাশিয়ায় অন্যান্য লেনদেন এখনো চলতে পারে। রুশ ব্যাংকগুলো থেকে মাস্টারকার্ড বা ভিসার লোগো সংবলিত কার্ডগুলো দেশের অভ্যন্তরে কাজ করতে পারে। কারণ সেগুলো দিয়ে স্থানীয়ভাবে, স্থানীয় মুদ্রায় লেনদেন হয়। দুই কোম্পানিই বলেছে, বিদেশে ইস্যু হওয়া কার্ডগুলো এখন আর রাশিয়ায় কাজ করবে না।
বিবৃতিতে মাস্টারকার্ড কর্তৃপক্ষ বলেছে, চলমান সংঘাতের নজিরবিহীন প্রকৃতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আমরা রাশিয়ায় আমাদের নেটওয়ার্ক সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
পৃথক বিবৃতিতে ভিসা কর্তৃপক্ষ বলেছে, আগামী দিনগুলোয় রাশিয়ায় সব ভিসা লেনদেন বন্ধ করতে দেশটিতে নিয়োজিত সহকর্মী ও সহযোগীদের সঙ্গে কাজ করবে তারা। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সেবারব্যাংক ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, ভিসা ও মাস্টারকার্ড স্থগিত হলেও গ্রাহকদের ওপর তা প্রভাব ফেলতে পারবে না।