তাহলে সাকিব আইপিএলে খেলতে চাচ্ছিল কেন: পাপন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা হয়েছে। কদিন পরই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল উড়ে যাবে দেশটিতে। কিন্তু তার আগে সাকিব আল হাসানকে নিয়ে আবারো বেকায়দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব এক দিন আগেই বলেছেন, ‘শারীরিক ও মানসিকভাবে’ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তৈরি নন তিনি। আপাতত তাই ব্রেক চান।

সাকিবের এমন মন্তব্যে খুবই বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পাল্টা প্রশ্ন, তাহলে আইপিএলে খেলতে চাচ্ছিল কেন?

সাকিব ইস্যুতে সোমবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় তিনি বলেন, ‘এটা তো কোনোভাবে হতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিল কেন? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে বলত আমি আইপিএলও খেলব না। ধরেন আইপিএলেও নেওয়া হলো। তখন কি বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত! জিনিসটি আমার মাথাতেই ঢুকছে না।’

বিসিবি সভাপতির কথা, ‘খেলতে না চাইলে আগে বলতো… এগুলো যদি আমরা আগে জানি তাহলে সুবিধা হয়।… তাহলে সেভাবেই দল সাজানো হতো।’

দক্ষিণ আফ্রিকায় সাকিবের খেলা নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। আইপিএলে খেলবেন বলে এই সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু আইপিএলে দল পাননি এই অলরাউন্ডার।

পরে আফগানিস্তান সিরিজের মাঝপথে বিসিবি সভাপতি জানান, সাকিব দক্ষিণ আফ্রিকায় দুই ফরম্যাটেই খেলবেন। যদিও সাকিব নীরব ছিলেন এ ব্যাপারে।

পরে সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট সিরিজর দল ঘোষণা করে বিসিবি। ১২ মার্চ দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু শনিবার ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের বলেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য এখন তৈরি না।

আফগানিস্তান সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা বলেন সাকিব। তার কথায়, এই সিরিজে ‘প্যাসেঞ্জার’ বলে মনে হয়েছে তার। এভাবে তিনি খেলা চালিয়ে যেতে চান না। কিছুদিন বিরতি নিয়ে ফিরতে চান চাঙা হয়ে।

সাকিবের এসব কথার প্রেক্ষিতে বিসিবি সভাপতি বলছেন, ‘তার যদি অফ ফর্ম থাকে, খেলতে ইচ্ছে না করে তাহলে সে বলত খেলব না। সমস্যাটা কোথায়? তাহলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি ইনজয় করিনি। আগ্রহ নেই, মোটিভেশন নাই। এগুলো না থাকলে খেলছ কেন? তো আমাদের বলো। কাউকে না কাউকে বলতে তো হবে যে আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নেই।’

সাকিব দেশ ছাড়ার আগে জানান, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আলাপ করেছেন তিনি। দুই দিন তাকে ভাবার সময় দেওয়া হয়েছে।

তবে নাজমুল হাসান পাপনের দাবি তিনি সবই শুনেছেন সংবাদমাধ্যমে। সাকিব সবকিছু তাকে বা বিসিবিকে যে কাউকে আগেই জানাতে পারত বলে মন্তব্য তার। শেষ মুহূর্তে বলায় দক্ষিণ আফ্রিকায় সফরের জন্য দল সমন্বয় করা কঠিন হয়ে গেল বলেও মন্তব্য করেছেন বিসিবি সভাপতি।

আরো পড়ুন

মনে হয় না আমার পক্ষে এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব: সাকিব

প্যাসেঞ্জার হিসেবে জাতীয় দলে থাকতে চাই না: সাকিব