আফগানিস্তান সিরিজে নিজের পারফরমেন্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন সাকিব আল হাসান। তার কাছে মনে হয়েছে, দলে তিনি ছিলেন ‘প্যাসেঞ্জার’ হিসেবে। আর ‘প্যাসেঞ্জার’ হিসেবে জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান না এই অলরাউন্ডার। আপাতত বিরতি নিতে চান জাতীয় দল থেকে।
রবিবার রাতে ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন সাকিব নিজেই।
সাকিব বলেন, ‘আমি যেটা মনে করি, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষ যে ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করে, সেটা যদি আমি করতে না পারি, সেখানে প্যাসেঞ্জার হয়ে থাকাটা খুবই দুঃখজনক হবে। টিমমেটদের সঙ্গে চিট করার মতো ব্যাপার হবে বলে আমি মনে করি।’
সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিবের এই হতাশা। তিনি বলছেন, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা কিংবা মানুষ যেভাবে চায়, বিসিবি যেভাবে চায়, অবশ্যই ওভাবে (পারফরম্যান্স) করতে পারিনি। আমি হতাশ।’
আসছে দক্ষিণ আফ্রিকা সফর থেকে তাই বিরতি নিতে চাইছেন সাকিব, ‘আমি মানসিক এবং শারীরিকভাবে যে অবস্থায় আছি, আমার কাছে মনে হয় না এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলটা সম্ভব খুব একটা। এ কারণে আমার কাছে হয়, আমি যদি একটা ব্রেক পাই, ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।’
সাকিব আরো বলেন, ‘আফগানিস্তান সিরিজে যেটা আমার কাছে মনে হয়েছে, আমি একজন প্যাসেঞ্জার। যেটা আমি কখনোই চাই না। আমি খেলাটা একদমই উপভোগ করতে পারিনি। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমার কাছে মনে হয় না এমন মনমানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলা ঠিক হবে।’
সাকিবের চাওয়া, শারীরিক ও মানসিকভাবে পুরো প্রস্তুত হয়েই মাঠে নামা। নইলে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মনে করেন তিনি।
সাকিব বলেন, ‘আমি চাই যে, যখনই খেলব, লোকে যেভাবে প্রত্যাশা করে, নিজের প্রতি নিজের যে আশা, দল যেভাবে চিন্তা করে, সেভাবে যেন পারফর্ম করতে পারি, সেই অবস্থায় যেন যেতে পারি। হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই যে, সেরা অবস্থায় খেলতে নামলেও পারফর্ম করব, তবে অন্তত এটা জানতে পারব যে দেশের হয়ে পারফর্ম করার জন্য সম্ভাব্য সেরা অবস্থায় আছি।’
‘কিন্তু আমি যদি জানিই যে আমার কোনো সম্ভাবনা নেই, সেখানে সময় নষ্ট করা ও অন্য একটা জায়গা নষ্ট করা এবং দেশের ক্রিকেটের সঙ্গে গাদ্দারি করার মতোই বিষয় বলে আমি মনে করি।’
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের ওয়ানডেগুলো হবে ১৮, ২০ ও ২৩ মার্চ। প্রথম টেস্ট ৩১ মার্চ থেকে, দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।
আরো পড়ুন
মনে হয় না আমার পক্ষে এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব: সাকিব
