রাশিয়াকে পোপ দয়া করে থামুন

ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। গত রবিবার সেন্ট পিটার্স স্কয়ারে দেওয়া সাপ্তাহিক ভাষণে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে এএফপি।

সেন্ট পিটার্স স্কয়ারে বক্তব্য দেন পোপ ফ্রান্সিস। এদিন ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন পোপ। তিনি বলেন, ইউক্রেনে রক্ত ও চোখের পানির নদী বয়ে যাচ্ছে। এটি শুধু সামরিক অভিযান বরং এটি এমন এক যুদ্ধ, যার মধ্য দিয়ে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার বীজ রোপিত হয়েছে। পোপ আরও বলেন, ‘যুদ্ধে আত্মবলিদানকারী দেশটির জন্য মানবিক সহায়তার প্রয়োজন ক্রমাগত বাড়ছে। যুদ্ধের মানে হলো পাগলামো। দয়া করে থামুন।’

পোপের বক্তব্য শুনতে যারা সমবেত হয়েছিলেন, তাদের অনেকের হাতে ইউক্রেনের নীল-হলুদ পতাকাসহ বিভিন্ন রঙের পতাকা ছিল। পোপ ফ্রান্সিস ইউক্রেনে অভিযান নিয়ে নিন্দা করার সময় সরাসরি রাশিয়ার নাম উচ্চারণ করেননি। তবে তিনি বারবারই দুই দেশের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মানবিক করিডর স্থাপন ও আলোচনায় ফেরার জন্য আহ্বান জানিয়েছেন।