নরসিংদীতে গলা কাটা অবস্থায় দুলাল মিয়া (৩৯) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামের একটি স্কুলের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলাল মিয়া সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুলাল মিয়া সোমবার রাত ৮টায় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে দুলাল মিয়ার পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন, দুলাল মাদকাসক্ত ছিল। সে এখনো বিয়ে করেনি। তবে কি কারণে তাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে তা এখন ও আমরা জানি না।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুলালকে ধারালো অস্ত্রের সাহায্যে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ধারে তদন্ত চলছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।