টাঙ্গাইলের কালিহাতী থেকে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ (দক্ষিণ)।
সোমবার উপজেলার কস্তুরিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
গ্রেপ্তারকৃতরা হলেন- কালিহাতীর ইব্রাহীম (৩২), ময়মনসিংহের ফুলবাড়ির এসহাক আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩৯) ও আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতীর কস্তুরিপাড়া এলাকায় চান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৭৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সরকার করে আসছিলেন।