নারী-পুরুষ বৈষম্য দূর করার প্রশ্নে হাইকোর্টের রুল

সামাজিক অবস্থান, চাকরি, উত্তরাধিকারের ক্ষেত্রে পুত্র-কন্যা ও নারী-পুরুষে বৈষম্য কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

এদিকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ শুনানিতে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চে নারী আইনজীবীদের আবেদনের শুনানিতে এ অগ্রাধিকার দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাকির হোসেন মাসুদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন মাসুদ দেশ রূপান্তরকে বলেন, ‘আদালতের কার্যক্রমের সময় বিচারপতি আমাদের উদ্দেশে বলেন, আজ (গতকাল) আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির প্রতি সম্মান জানিয়ে নারী ও পুরুষের বৈষম্য নিয়ে একটি রুল দিতে চান। এরপর আদালত রুল দেয়। এখন রুলের জবাব পাওয়ার পর এটি প্রধান বিচারপতির কাছে যাবে। এরপর সংশ্লিষ্ট একটি ডিভিশন বেঞ্চে শুনানি হবে।’

এক বেঞ্চের শুনানিতে নারী আইনজীবীদের অগ্রাধিকার : বেঞ্চের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে আদালতের কার্যক্রম শুরু হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রতি সম্মান জানিয়ে তারা নারী আইনজীবীদের মামলা আগে শুনবেন। এরপর সকাল থেকে আদালতের কার্যক্রম চলাকালীন যেসব আবেদন শুনেছেন তার প্রায় সবই ছিল নারী আইনজীবীদের। আবেদনগুলো গুরুত্বের সঙ্গে শুনে আদেশ দিয়েছেন আদালত।’ এ সময় রাষ্ট্রপক্ষে আরও ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মৌদুদা বেগম ফেন্সী ও হাসিনা মমতাজ।