রাজধানীর মতিঝিলে ফাটল ধরা ১৫তলা ‘মডার্ন ম্যানশন’ ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ভবনটির মালিককে লোডিং ক্যাপাসিটি যাচাইয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শ নিতেও বলা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ভবনটি পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ নোটিস টানিয়ে দিয়ে এ নির্দেশ দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জোন কমান্ডার উপসহকারী পরিচালক বজলুর রশিদ।
গতকাল বুধবার সকালে ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, ‘৫৩ মতিঝিল, মডার্ন ম্যানশনের ১৫তলা ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লিখা সাইনবোর্ড টাঙিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের দোতলায় ৩টি এবং ৩ তলার ২টি পিলারে ফাটল দেখা দেওয়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা হয়েছে। ভবনটি অনেক পুরনো, এটি ১৯৬২ সালের ১৪ নভেম্বর নির্মাণের পারমিশন দেওয়া হয়।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান সিকদার দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি পরিদর্শন দল ভবনটিতে গিয়ে তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশকিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখে। তখনই ফায়ার সার্ভিস ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় এবং ভবন ব্যবহারে নিরুৎসাহিত করেছে এবং ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লিখা সাইনবোর্ড টাঙিয়েছে।
তিনি আরও বলেন, ভবনটি পুরনো হওয়ায় মালিককে বলা হয়েছে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লোডিং ক্যাপাসিটি পরীক্ষা করানোর জন্য।
গত রবিবার সন্ধ্যায় প্রথম ভবনটিতে ফাটল দেখা দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর সেখানে গিয়ে ভবনটি থেকে লোকজনকে নেমে আসতে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিক পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনটি ব্যবহারে ‘নিরুৎসাহিত’ করা হয়। তবে এরপরও ভবনের মালিকপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় ঝুঁকিপূর্ণ নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বহুতল এই ভবনে ব্যাংক, গণমাধ্যমের কার্যালয়, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।